
কাঙপোকপি (মণিপুর), ১ জুলাই (হি.স.) : মণিপুরের কাঙপোকপি জেলায় ২ নম্বর জাতীয় সড়কে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র তৎপরতায় গভীর খাদে পড়া থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি চার চাকার গাড়ি। সিআরপিএফ-এর ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সময়মতো উদ্ধার অভিযানে নেমে গাড়িকে খাদে পড়া থেকে রক্ষা করে দুই সাধারণ নাগরিকের প্রাণ বাঁচিয়েছেন।
আজ বুধবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঘটনাটি গতকাল মঙ্গলবার রাত প্রায় সাড়ে সাতটার দিকে চাংগৌবুং গ্রামের কাছে ঘটেছে। ওই এলাকায় জাতীয় সড়কের নির্মাণকাজ চলছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, একটি এ-স্টার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা ছেড়ে গভীর খাদের একেবারে কিনারায় গিয়ে নীচে পড়ে যাচ্ছিল। তখন ওই পথে চাংগৌবুং এবং টি খুল্লেনে দায়িত্ব শেষ করে শিবিরে ফিরছিলেন সিআরপিএফ-এর জওয়ানরা। তাঁরা বিপজ্জনক অবস্থায় আটকে থাকা গাড়িটি দেখে দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান।
দ্রুততার সঙ্গে তাঁরা দড়ি, সমন্বিত দলগত প্রচেষ্টা এবং শারীরিক বল প্রয়োগ করে উদ্ধার অভিযান শুরু করেন। গাড়িটিকে খাদের দিকে পিছলে যাওয়া থেকে রক্ষা করে নিরাপদে জাতীয় সড়কে তুলে এনে গাড়ির দুই আরোহীকে উদ্ধার করেন জওয়ানরা।
উদ্ধারকৃত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম লেইশিয়ো নাগা। তিনি এবং সেনাপতি জেলার অপর এক বাসিন্দা এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন।
সিআরপিএফ-এর সময়োচিত ও সাহসী পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জননিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি বাহিনীর অঙ্গীকারও প্রমাণিত হয়েছে, বলেছে জেলা পুলিশের আধিকারিক সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস