
নদীয়া, ১ জুলাই (হি. স.): রানাঘাট থানার অন্তর্গত রাঘবপুর পুলিশ ফাঁড়ির সামনেই ভরদুপুরে এক দরিদ্র কৃষকের সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার পঞ্চায়েতের জরুরি কাজে এসে সাইকেল হারিয়ে হতাশ হয়ে পড়েন হবিবপুর-দুর্গাপুর এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক কৃষ্ণ দুল্লা।স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ দুল্লা রাঘবপুর পুলিশ ফাঁড়ির সামনে নিজের সাইকেলটি লক করে রেখে পঞ্চায়েত অফিসে যান। প্রায় দু'ঘণ্টা পর কাজ সেরে ফিরে এসে তিনি দেখেন, যেখানে সাইকেলটি রেখেছিলেন সেখানে সেটি আর নেই। এরপর আশপাশের বাজার ও সবজি বাজার এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সাইকেলের কোনো সন্ধান মেলেনি।ভুক্তভোগী কৃষ্ণ দুল্লা জানান, ওই সাইকেলটিই ছিল তাঁর যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে তিনি সেটিই ব্যবহার করতেন। পুলিশ ফাঁড়ির সামনেই এত মানুষের উপস্থিতির মধ্যে কীভাবে সাইকেলটি চুরি হয়ে গেল, তা ভেবে তিনি বিস্মিত।ঘটনার পর তিনি রাঘবপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাজার চত্বরে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকায়, সেই ফুটেজ খতিয়ে দেখে চোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়