
দুর্গাপুর, ১ জুলাই (হি. স.) : লাদাখের ৬১০০ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট কাইগর রি (Mt. Kaigar Ri) শিখরে সফলভাবে আরোহণ করে নতুন সাফল্যের নজির গড়লেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-এর কর্মী তথা পর্বতারোহী কালীসাধন ঘটক। গত ২৮ জুন তিনি একমাত্র অভিযাত্রী হিসেবে শিখরে পৌঁছে ভারতের জাতীয় পতাকা ও দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন। তাঁর এই সাফল্যে গর্বিত শিল্পশহর দুর্গাপুর।
জানা গিয়েছে, আন্তর্জাতিক যোগ দিবসের দিন ২১ জুন দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি পর্বতারোহী দল লাদাখের উদ্দেশে রওনা দেয়। অভিযানে কালীসাধন ঘটকের পাশাপাশি ছিলেন ডিএসপির দুই কর্মী প্রিয়তোষ চক্রবর্তী ও সদানন্দ মাহাতো, অচিন্ত্য রায়, রাকেশ কুমার সিংহ, সোহম মুখোপাধ্যায়, রেশমী কুমারী, ইন্দ্রনীল চৌধুরী, রামানুজ হাজরা, সংগঠনের সম্পাদক সাগর চৌধুরী এবং ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়।
২৩ জুন অভিযাত্রী দলটি মানালি পৌঁছায়। সেখান থেকে প্যাটসিও হয়ে পরদিন দেবরিংয়ে বেস ক্যাম্প স্থাপন করা হয়। তবে জলসংকটের কারণে কিছুটা নীচে নেমে বিকল্প শিবির তৈরি করতে হয়। ২৭ জুন রাতে দলটি ফের মাউন্ট কাইগর রি অভিযানে রওনা দেয়।
দীর্ঘ ও কঠিন আরোহনের পর ২৮ জুন সকাল প্রায় ১১টা নাগাদ বহু প্রতীক্ষিত সাফল্য আসে। দুর্গম পথ অতিক্রম করে কালীসাধন ঘটক একমাত্র সদস্য হিসেবে ৬১০০ মিটার উচ্চতার কাইগর রি শিখরে পৌঁছে ভারতের তেরঙ্গা ও ক্লাবের পতাকা উত্তোলন করেন।
উল্লেখ্য, এর আগেও কালীসাধন ঘটক পলোবাঙ্কার, কেদারডোম এবং ইউনাম শৃঙ্গ সফলভাবে জয় করেছেন। এবার মাউন্ট কাইগর রি জয়ের মাধ্যমে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা