
মেদিনীপুর, ১ জুলাই (হি. স.): টানা ভারী বৃষ্টির জেরে বুধবার মেদিনীপুর শহরের দ্বারি বাঁধ এলাকায় একটি শতাব্দীপ্রাচীন বটগাছ শিকড়-সহ উপড়ে রাস্তার উপর ভেঙে পড়ে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে গাছটির গোড়ার মাটি আলগা হয়ে যায়। এরপরই বিশাল আকৃতির গাছটি বুধবার হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ে।স্থানীয় বাসিন্দাদের দাবি, বটগাছটির বয়স একশো বছরেরও বেশি। গাছটি রাস্তার উপর পড়ে থাকায় ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গাছের ভারে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ দফতর এবং অন্যান্য বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে প্রথমে এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত তার ও খুঁটির মেরামতির কাজও শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়