
হাফলং (অসম), ১ জুলাই (হি.স.) : জাটিঙ্গা-শিলচর সড়কে ভারী যানবাহন চলাচল করায় সৃষ্ট যানজটের পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে রেটজল হয়ে জাটিঙ্গা সড়কপথ পরিদর্শন করেছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে। আজ বুধবার পরিদর্শনকালে জেলাশাসকের সঙ্গে ছিলেন ডিমা হাসাও জেলার সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-এর প্রকল্প অধিকৰ্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকগণ।
প্রশাসনিক দলটি রেটজল হয়ে জাটিঙ্গা-শিলচর সড়ক পরিদর্শন করে জাটিঙ্গা থেকে শিলচর এবং শিলচর থেকে জাটিঙ্গাগামী উভয়মুখী রুটে ভারী যানবাহন চলাচলের ফলে সৃষ্ট যানজটের পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেছে। পরিদর্শনকালে যান চলাচল স্বাভাবিক করা, যানজট কমানো এবং সবধরনের যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।
জেলাশাসক জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব