দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা, তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধে উত্তেজনা
দুর্গাপুর, ১ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকেরা। পাল্টা তৃণমূল কর্মীদের স্লোগানকে ঘিরে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ের সামনে উত্তেজনার সৃষ
দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা, তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধে উত্তেজনা


দুর্গাপুর, ১ জুলাই (হি. স.) : তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকেরা। পাল্টা তৃণমূল কর্মীদের স্লোগানকে ঘিরে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ের সামনে উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বুধবার চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য অ্যাভিনিউয়ে অবস্থিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।

দোলা সেনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই কার্যালয়ের বাইরে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠান শেষে তিনি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় বিজেপি কর্মীরা কালো পতাকা প্রদর্শন করে হায় হায়, গো ব্যাক এবং দূর হটো স্লোগান দিতে থাকেন।

এর পাল্টা তৃণমূল কর্মীরাও শুভেন্দু অধিকারী মুর্দাবাদ এবং নরেন্দ্র মোদী মুর্দাবাদ স্লোগান দিতে শুরু করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

দুর্গাপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন বলেন, আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই শুভ দিনে দুর্গাপুরের মাটিকে কলুষিত করতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেত্রী এসেছিলেন। তাই আমরা তাঁকে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান দিয়েছি।

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন অভিযোগ করে বলেন, রাজ্যে বর্তমানে সুপার ইমার্জেন্সির পরিস্থিতি চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতিতেও নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande