
উত্তর ২৪ পরগনা, ১ জুলাই (হি.স.): আদালতের কড়া নির্দেশের পর অবশেষে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল প্রশাসন। উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুধবার সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ প্রক্রিয়া। এদিন একটি অতিথিশালা ভাঙার কাজ শুরু হয়। দমকল-সহ বিভিন্ন দফতরের কর্মীরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন ইছামতীর তীরবর্তী অন্য একটি অতিথিশালা কর্তৃপক্ষের তরফে টাকি পুরসভার কাছে একটি বিশেষ আবেদন জানানো হয়। বিল্ডিংয়ের ভেতরের দামি আসবাবপত্র ও অন্যান্য জিনিস নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তারা প্রশাসনের কাছে ৩ দিনের সময় চান। আপাতত ওই দ্বিতীয় অতিথিশালাটি ভাঙার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ