
গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : পরিচালনগত সুরক্ষা মজবুত এবং রেলওয়ের প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে লোকো পাইলটদের শেখার অভিজ্ঞতা উন্নত করতে কাটিহার ডিভিশনের বিভিন্ন ক্রু লবিতে বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল টেকনোলজি চালু করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো আরও কার্যকর, ব্যবহারিক ও প্রযুক্তি-নির্ভর প্রশিক্ষণ প্রদান করা। এতে ক্রু সদস্যদের পরিচালনগত জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুরক্ষিত ও অধিক দক্ষ ট্রেন পরিচালন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে।
আজ বুধবার এক প্রেস বার্তায় এ তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। প্রেস বার্তায় শর্মা জানান, এই পদক্ষেপের অংশ হিসেবে ডিভিশনের সমস্ত ক্রু লবিতে ইন্টারঅ্যাক্টিভ টাচ প্যানেল স্থাপন করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি দৈনন্দিন শিক্ষা ও কাউন্সেলিং সেশন এবং গুরুত্বপূর্ণ পরিচালন-সংক্রান্ত তথ্যের দ্রুত প্রাপ্তি সহজতর করে তুলে, যা প্রশিক্ষণ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও ব্যবহারকারী-বান্ধব করে তুলে। কাটিহার ডিভিশন ‘অটোমেটিক সিগন্যালিং সিস্টেম’-এর ওপর ইন্টারঅ্যাক্টিভ কুইজের ব্যবস্থা চালু করেছে। যার ফলে লোকো পাইলটদের ক্রু লবিতে সরাসরি সিগন্যালিং নীতিগুলি সম্পর্কে তাঁদের বোঝার মূল্যায়ন এবং মজবুত করার অনুমতি প্রদান করে।
কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, এছাড়া প্র্যাকটিকাল ডেমু প্রদর্শন ও হ্যান্ডস অন লার্নিং-এর মাধ্যমে ধারণাগত বোঝাপড়া উন্নত করার লক্ষ্যে ‘অটোমেটিক সিগন্যালিং সিস্টেম’-এর একটি ফিজিক্যাল ওয়ার্কিং মডেল বাস্তবায় নকরা হয়েছে।
রুট সম্পর্কে উন্নত তথ্য প্রদান করতে, সংশ্লিষ্ট ডিভিশন দিন ও রাত, উভয় পরিস্থিতির দৃশ্য সংবলিত ইন্টারঅ্যাক্টিভ রুট ভিডিওগ্রাফি ব্যবস্থা চালু করেছে। এই হাই-কোয়ালিটি ভিডিওগুলি লোকো পাইলটদের রেল-রুটের বাস্তবসম্মত ভিজুয়াল তথ্য প্রদান করে। ফলে তাঁদেরকে ভিন্ন-ভিন্ন দৃশ্যমানতার পরিস্থিতিতে সিগনাল, ল্যান্ডমার্ক, ঢাল এবং অন্যান্য পরিচালন-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি শনাক্ত করতে সক্ষম করবে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ট্রেন চলাচল শুরু করার আগে রুটের বিষয়ে তথ্য এবং পরিচালনগত প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে রেল দফতর আশা করছে, বলেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
তিনি বলেন, এই ডিভিশন রেলওয়ের পরিচালন সংক্রান্ত বিষয় যেমন, আরএস ভালভ-এর কার্যপদ্ধতি নিয়ে একটি বিশেষ পডকাস্ট সিরিজও চালু করেছে। পডকাস্ট সিরিজ নিরন্তর শেখার জন্য একটি অভিনব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। একই সাথে মালদা টাউনে ক্রু লবিদের উন্নত ডিজিটাল পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে আপগ্রেড করা হয়েছে, যাতে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানে সহায়তা করা যায়। এই পদক্ষেপগুলি অত্যন্ত দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা, সুরক্ষা মানদণ্ডকে শক্তিশালী করা এবং রেলওয়ে পরিচালনায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ধারাবাহিক প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, বলা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস