
বাকসা (অসম), ১ জুলাই (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত বরমায় অসম সরকারের ‘মৈত্রী’ প্রকল্পের অধীনে নবনির্মিত অত্যাধুনিক থানার উদ্বোধন করেছেন অসমের পুলিশ-প্রধান (ডিজিপি) হরমিত সিং।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ডিজিপি সিং বলেন, সমগ্র রাজ্যে থানাগুলিকে আধুনিকীকরণ করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলার লক্ষ্যে কাজ করছে আসাম পুলিশ। থানাগুলিতে যাতে যে কোনও ব্যক্তি বিনা সংকোচে আসতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবনির্মিত থানা ভবনে মহিলা ও শিশুদের জন্য পৃথক কক্ষেরও ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক মনেশ্বর ব্রহ্ম, বিটিসি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিবেক রাজ সিং, বাকসার জেলাশাসক কিমনে সাংচন, বাকসার পুলিশ সুপার উজ্জ্বল প্রতিম বরুয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস