

হাফলং (অসম), ১ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হাফলং সিভিল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যাবিশিষ্ট ডিলাক্স পেয়িং ক্যাবিন আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর মাধ্যমে জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নবনিযুক্ত স্টাফ নার্স, নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, পরিচ্ছন্নতা কর্মী সহ প্রয়োজনীয় সহায়ক কর্মীদের নিয়োগের মাধ্যমে এই ক্যাবিনটি সম্পূর্ণভাবে কার্যকর করা হয়েছে। ফলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করা সম্ভব হবে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার নেতৃত্বে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং জেলার মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য প্রবিতা জহরি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগ, হাফলং সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল আধিকারিক ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।
প্রবিতা বলেন, নতুন ডিলাক্স পেয়িং ক্যাবিন চালু হওয়ায় রোগীদের আরামদায়ক পরিবেশে চিকিৎসা গ্রহণের সুযোগ বাড়বে এবং ডিমা হাসাও জেলার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব