বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর
মুম্বই, ১ জুলাই ( হি.স.) : বহু তারকা সমৃদ্ধ অক্ষয় কুমারের কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে। মুক্তির পঞ্চম দিনেও ছবিটি ভাল ব্যবসা করেছে। দেশীয় বক্স অফিসে এদিন ছবির আয় হয়েছে ৯.২৫ কোটি টাকা, যা চতুর্থ দিনের
বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর


মুম্বই, ১ জুলাই ( হি.স.) : বহু তারকা সমৃদ্ধ অক্ষয় কুমারের কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রেখেছে। মুক্তির পঞ্চম দিনেও ছবিটি ভাল ব্যবসা করেছে। দেশীয় বক্স অফিসে এদিন ছবির আয় হয়েছে ৯.২৫ কোটি টাকা, যা চতুর্থ দিনের ৮.৫০ কোটি টাকার তুলনায় বেশি। এর ফলে ভারতে ছবিটির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৮১.৫০ কোটি টাকা। একইসঙ্গে বিশ্বব্যাপী ছবির মোট আয় ১২০ কোটি টাকার গণ্ডিও পেরিয়ে গিয়েছে।

বক্স অফিসের তথ্য প্রকাশকারী সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, পঞ্চম দিনে রাতের শো-তেই ছবিটি সবচেয়ে বেশি দর্শক টেনেছে। ওই শো-তে আসন দখলের হার ছিল ৪৪.৫৪ শতাংশ। এছাড়া সন্ধ্যার শো-তে ৩১.৫৪ শতাংশ, দুপুরের শো-তে ২৭ শতাংশ এবং সকালের শো-তে ১৩.১৫ শতাংশ আসন পূর্ণ ছিল। ধারাবাহিকভাবে দর্শকসংখ্যা বৃদ্ধিই প্রমাণ করছে, ছবিটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে এবং মুখে মুখে প্রচারের সুফলও মিলছে।

আহমেদ খান পরিচালিত এই ছবি আয়ের নিরিখে অক্ষয় কুমারের আগের ছবি ভূত বাংলা-সহ সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত একাধিক ছবিকে পিছনে ফেলেছে। ‘ভূত বাংলা’ মুক্তির প্রথম পাঁচ দিনে প্রায় ৭২ কোটি টাকা আয় করেছিল। এছাড়া ‘রাজা শিবাজি’ আয় করেছে ৪৪.৪০ কোটি টাকা, ‘ককটেল ২’ ৬১ কোটি টাকা এবং ‘পতি পত্নী অউর ওহ ২’ ২৪.২৫ কোটি টাকা আয় করেছে।

ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande