
কলকাতা, ১ জুলাই (হি. স.) : আগামীকাল থেকেই প্রতিটি মহিলা থানায় ‘মহিলা সহায়তা ডেস্ক’ চালু হবে। এর পাশাপাশি গড়ে তোলা হবে মহিলাদের জন্য দু’টি বিশেষ ব্যাটালিয়ন এবং জরুরি পরিষেবা - ‘১১২’। বুধবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন। তিনি এই অনুষ্ঠানে আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নে নতুন দিশা মিলবে। মায়েদের জন্য ২০০ টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর পরিপ্রেক্ষিতেই নতুন যাত্রা শুরু হয়েছে। আগামী অগাস্ট মাস থেকেই ২১ হাজার টাকা মহিলাদের প্রতি আর্থিক সহায়তার ঘোষণা হল।
রাজ্য সরকারের তরফেও এদিন জানানো হয়েছে যে, প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবা জোরদার করতে ২০০টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করা হয়েছে। সরকারের আরও দাবি, খুব শীঘ্রই স্বাস্থ্য দফতরের তরফেও এগুলি রাজ্যের বিভিন্ন হাসপাতালে বণ্টন করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষিত একাধিক মাতৃকল্যাণ প্রকল্পের কথাও তুলে ধরা হয়। এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে যে, ভারত সরকারের ৫,০০০ টাকার আর্থিক সহায়তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরও ১৬,০০০ টাকা মিলিয়ে মোট ২১,০০০ টাকা দেওয়া হবে। এর সঙ্গে থাকবে পুষ্টি কিট - সহ অন্যান্য সুবিধা। আগামী অগাস্ট মাস থেকেই এই প্রকল্প চালু হওয়ার কথা।
রাজ্য সরকারের বক্তব্য, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেয়েরা যাতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, নার্স-সহ বিভিন্ন পেশায় এগিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই এমনতর উদ্যোগ। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নারী সুরক্ষা কমিশন গঠনের ঘোষণাও করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, নারীর বিরুদ্ধে অপরাধে দ্রুত বিচার হবে এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত