
কলকাতা, ১ জুলাই (হি.স.) : বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ রোনাল্ড কোমান দায়িত্ব থেকে সরে গেলেন। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন এই ডাচ কোচ। পরে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোমান বলেছেন, বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে দল মাঠে নেমেছিল, তা পূরণ করা সম্ভব হয়নি। ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার তিনি নিজের কাঁধে নিচ্ছেন।
তিনি আরও জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে সেটিই হতো সবচেয়ে আনন্দের বিষয়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি