
দুঙ্গারপুর, ১ জুলাই (হি.স.) : যমুনার জল চুক্তিকে রাজস্থানের জল-ভবিষ্যতের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে মন্তব্য করলেন স্বচ্ছ ভারত মিশন (শহর)-এর রাজ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে কে গুপ্ত।
রাজ্যের জলসংকট দূর করে কোটি কোটি মানুষের জন্য জল-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্থান সরকার একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার ধারাবাহিক প্রচেষ্টা, কার্যকর সংলাপ এবং কেন্দ্র ও প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের ফলে দীর্ঘদিন ধরে অমীমাংসিত যমুনার জল বণ্টন নিয়ে রাজস্থান ও হরিয়ানা সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। প্রায় তিন দশক ধরে ঝুলে থাকা এই সংবেদনশীল সমস্যার সমাধানকে রাজস্থানের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখা হচ্ছে।
এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বচ্ছ ভারত মিশন (শহর)-এর রাজ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে কে গুপ্ত বলেন, এটি মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দৃঢ় অঙ্গীকার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মানসিকতার ফল।
তিনি বলেন, ভৌগোলিক আয়তনের দিক থেকে রাজস্থানে জলসংকট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে শেখাওয়াতি-সহ একাধিক এলাকায় পানীয় জল ও সেচের অভাব গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চুক্তির ফলে ওইসব অঞ্চলে জল বেশি পরিমাণে পাওয়া যাবে। সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন, পাশাপাশি কৃষিক্ষেত্রও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। সেচব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ এলাকায় জলসংকট কমবে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস