
আরামবাগ , ১ জুলাই (হি.স.): আরামবাগে ডাম্পিং গ্রাউন্ড তৈরীর জন্য জমি পরিদর্শন করলেন বিধায়ক হেমন্ত বাগ সহ সরকারি আধিকারিকরা। হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবি থাকলেও এখনও সেই প্রকল্পের কাজ শুরু হয়নি। জমি সংক্রান্ত জটিলতার কারণেই এতদিন ধরে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। বুধবার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের মান্দ্রা এলাকায় সম্ভাব্য ডাম্পিং গ্রাউন্ডের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং সরকারি আধিকারিকরা। এদিন তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন। উল্লেখ্য, মঙ্গলবার মহকুমা শাসকের দফতরে জেলা শাসকের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, ডাম্পিং গ্রাউন্ডের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করতে সুডা -র আধিকারিকরা মাটি পরীক্ষা করবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বুধবার এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণে তাদের আপত্তি নেই। কিন্তু যে মাঠে প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে, সেটি বর্তমানে মান্দ্রা-সহ আশপাশের কয়েকটি গ্রামের ছেলেমেয়েদের একমাত্র খেলার মাঠ। তাই ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিবর্তে একটি নতুন খেলার মাঠের দাবি জানিয়েছেন তারা। এখন দেখার, প্রশাসন স্থানীয়দের দাবি বিবেচনা করে কবে এবং কোথায় ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের কাজ শুরু করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA