
আরামবাগ , ১ জুলাই (হি.স.): ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার গোঘাটের তৃণমূল নেতা শুকুর আলী ওরফে ভাদু
হুগলির গোঘাটে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হলেন এলাকার পরিচিত তৃণমূল নেতা শুকুর আলী ওরফে ভাদু। মঙ্গলবার রাতে গোঘাট থানার পুলিশ গোঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত হিংসার ঘটনায় শুকুর আলীর বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর এবং ছিনতাইয়ের অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল।
বুধবার ধৃত তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ আদালতের কাছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আবেদন জানায়। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই গ্রেফতারিকে কেন্দ্র করে গোঘাট এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA