
আরামবাগ , ১ জুলাই (হি.স.): জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। তিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন এবং তাঁদের সমাজের প্রতি অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানান।
এই উপলক্ষে হেমন্ত বাগ বলেন, চিকিৎসকরা তাঁদের নিষ্ঠা, মানবিকতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। রোগীদের সেবায় তাঁদের আত্মনিবেদন সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত এবং আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।
তিনি আরও বলেন, জাতীয় চিকিৎসক দিবস চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ দিনে তিনি সকল চিকিৎসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার ক্ষেত্রে তাঁদের অব্যাহত অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরাও এই সম্মাননা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA