
আরামবাগ , ১ জুলাই (হি.স.): খানাকুলে সংগঠন মজবুত করতে চিংড়ায় সাংগঠনিক বৈঠক, কর্মীদের বার্তা বিধায়ক সুশান্ত ঘোষের
আরামবাগ মহকুমার চারটি বিধানসভার মধ্যে একমাত্র খানাকুল বিধানসভাতেই একটি পঞ্চায়েত সমিতি এবং বেশ ১১টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবার সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নেমেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।
বুধবার খানাকুলের অপেক্ষাকৃত তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চিংড়া এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠকে বুথস্তর থেকে সংগঠনকে আরও মজবুত করার রূপরেখা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন রাজনৈতিক পরিস্থিতিতে কর্মীদের সক্রিয় ভূমিকা পালন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং সংগঠনের আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন বিধায়ক।
এদিন সুশান্ত ঘোষ কর্মীদের শাসক দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিতভাবে বোঝান। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে কর্মীদের সর্বদা জনসংযোগ বজায় রেখে কাজ করতে হবে এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে খানাকুল বিধানসভার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। লক্ষ্য, সংগঠনকে আরও সুসংহত করা এবং তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতেও বিজেপির সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করে তোলা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA