
হুগলি ,১ জুলাই (হি.স.): হুগলির রিষড়ায় পুলিশের বড়সড় অভিযান, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৭ জন দুষ্কৃতী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বড়সড় অভিযান চালিয়ে রিষড়া, শ্রীরামপুর ও উত্তরপাড়া এলাকা থেকে সাতজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রোহিত শর্মা ওরফে রাহুল (১৮), মহম্মদ সাহিল ওরফে মাড্ডা (২৫), বিট্টু (২৬), সূরজ বাহাদুর থাপা (২৫), সুবীর নন্দী ওরফে পাপাই, মহম্মদ চাঁদ হুসেন (৩৩) এবং মহম্মদ আশফাক ওরফে রাজ (২২)।
তদন্তকারীদের দাবি, ধৃত প্রত্যেকেই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, তারা কুখ্যাত অপরাধচক্রের দুই মূল পান্ডা রমেশ মাহাতো ও কমল দেবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করত।
এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃত সাতজনকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুরের আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর এজলাসে পেশ করা হয়েছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA