
নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : অনলাইন বিমা সংস্থা পলিসিবাজার তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়োগের ঘোষণা করেছে। একইসঙ্গে স্বাস্থ্যবিমা ও টার্ম লাইফ ইনস্যুরেন্স সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি সর্বভারতীয় প্রচারাভিযানও শুরু করেছে সংস্থাটি।
শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএআই)-এর ২০৪৭ সালের মধ্যে ‘সবার জন্য বীমা’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচারাভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পরিবারকে আর্থিক সুরক্ষার গুরুত্ব বোঝানো এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে বীমার প্রতি উৎসাহিত করা হবে।
পলিসিবাজারের বক্তব্য, অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরে ভারতীয় পরিবারের কাছে আস্থা, দায়িত্ববোধ এবং বিশ্বাসযোগ্যতার প্রতীক। তাই তাঁকে এই প্রচারাভিযানের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সংস্থা জানিয়েছে, ‘পরিবার সবার আগে’ শীর্ষক প্রচারাভিযানটি শুধুমাত্র একটি বিজ্ঞাপনী স্লোগান নয়, বরং দেশের ১৪০ কোটিরও বেশি মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি উদ্যোগ। একাধিক বিজ্ঞাপনের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত পলিসিবাজার দেশের অন্যতম বৃহৎ অনলাইন বীমা অ্যাগ্রিগেটর। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন সংস্থার স্বাস্থ্যবিমা, টার্ম ইনস্যুরেন্স, মোটর ইনস্যুরেন্স ও ট্রাভেল ইনস্যুরেন্সের তুলনা করে অনলাইনেই পলিসি কিনতে পারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য