দেশে প্রথম, অসমের প্রতিটি স্বাস্থ্য উপকেন্দ্রে থাকবেন এমবিবিএস চিকিৎসক
– স্বাস্থ্য ক্ষেত্রে ৩৩,২৪০টি নতুন পদ সৃষ্টির ঘোষণা, চার জেলায় তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে এক ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা করেছে অসম সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্
বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার


– স্বাস্থ্য ক্ষেত্রে ৩৩,২৪০টি নতুন পদ সৃষ্টির ঘোষণা, চার জেলায় তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে এক ঐতিহাসিক উদ্যোগের ঘোষণা করেছে অসম সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে ৩৩,২৪০টি নতুন পদ সৃষ্টির পাশাপাশি রাজ্যের প্রতিটি স্বাস্থ্য উপকেন্দ্রে অন্তত একজন করে এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সরকার দাবি করেছে, এটি দেশের প্রথম এমন উদ্যোগ।

আজ শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানান, রাজ্যের প্রতিটি স্বাস্থ্য উপকেন্দ্রকে একজন যোগ্য এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে শক্তিশালী করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) কর্মীদের নিয়োগ করা হবে, যাতে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায়।

অর্থমন্ত্রী বলেন, ‘সমগ্র দেশের মধ্যে এটি হবে এ ধরনের প্রথম উদ্যোগ।’

স্বাস্থ্য ক্ষেত্রে ৩৩,২৪০টি নতুন পদ :

বৃহৎ স্বাস্থ্য সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে অসমের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৩৩,২৪০টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

নতুন নিয়োগের মধ্যে রয়েছে -

৬,৮১৪ জন এমবিবিএস চিকিৎসক, ৮২ জন আয়ুষ চিকিৎসক, ২২ জন ডেন্টাল সার্জন, ১০,৯৪২ জন স্টাফ নার্স, ৪,৬৬৯ জন ফার্মাসিস্ট, ৪,৬৬৯ জন ল্যাবরেটরি টেকনিশিয়ান, ৬৭ জন রেডিওগ্রাফার, ১,২৮৩ জন এএনএম, ৪,৬২৫ জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট/অ্যাকাউন্ট্যান্ট এবং ৬৭ জন ড্রেসার।

অর্থমন্ত্রী জানান, বৃহৎ এই নিয়োগ কর্মসূচির লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠান পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করা।

চার জেলায় নতুন মেডিকেল কলেজ :

বাজেটে গোয়ালপাড়া, হাইলাকান্দি, হোজাই এবং বজালি জেলায় চারটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণাও করা হয়েছে। অৰ্থমন্ত্ৰী জয়ন্তমল্ল জানান, বর্তমানে অসমে ১৪টি মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু রয়েছে। এছাড়া আরও ১০টি মেডিক্যাল কলেজ নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত চারটি নতুন মেডিক্যাল কলেজ চালু হলে রাজ্যে মোট মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৮টি।

তিনি বলেন, এই সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ স্থাপন করে সরকারের লক্ষ্য আরও এগিয়ে যাবে। এর ফলে রাজ্যে চিকিৎসা শিক্ষা ও বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বিস্তৃত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande