বাজেটে উচ্চশিক্ষায় ১,৭৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
- ২৭টি স্বশাসিত কলেজকে আর্থিক সহায়তা, সম্প্রসারিত হবে গুরু দক্ষিণা প্রকল্প, ভেঞ্চার কলেজের প্রাদেশিকীকরণ অব্যাহত গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : অসমে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে বড় ধরনের আর্থিক বিনিয়োগের ঘোষণা করেছে রাজ্
বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার


- ২৭টি স্বশাসিত কলেজকে আর্থিক সহায়তা, সম্প্রসারিত হবে গুরু দক্ষিণা প্রকল্প, ভেঞ্চার কলেজের প্রাদেশিকীকরণ অব্যাহত

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : অসমে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে বড় ধরনের আর্থিক বিনিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়নের জন্য ১,৭৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি স্বশাসিত কলেজগুলিকে আর্থিক সহায়তা, গুরু দক্ষিণা প্রকল্পের সম্প্রসারণ এবং যোগ্য ভেঞ্চার কলেজগুলির প্রাদেশিকীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া বলেন, রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ এবং ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ :

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, পর্যায়ক্রমে একাধিক বিশ্ববিদ্যালয়কে পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা করে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে -

শিবসাগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বরুয়া বিশ্ববিদ্যালয়, নগাঁও বিশ্ববিদ্যালয়, উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়, কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়, বঙাইগাঁও বিশ্ববিদ্যালয় এবং শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়।

এছাড়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ কোটি টাকা করে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এগুলি যথাক্রমে -

মাধবদেব বিশ্ববিদ্যালয়, ভট্টদেব বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, বীরাঙ্গনা সতী সাধনী রাজ্য বিশ্ববিদ্যালয়, অসম মহিলা বিশ্ববিদ্যালয়, কুমার ভাস্কর বর্মা সংস্কৃত ও প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয় এবং মাজুলি বিশ্ববিদ্যালয় সংস্কৃতি।

অর্থমন্ত্রী জানান, চলতি বছরে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সমপরিমাণ অর্থ বরাদ্দ পেয়েছে। তিনি আরও জানান, মাজুলি বিশ্ববিদ্যালয় সংস্কৃতিকে শুধুমাত্র সাংস্কৃতিক অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেখানে বিজ্ঞান ও কলা বিভাগের পাঠক্রম চালু করে এর পরিধি আরও বাড়ানো হবে।

২৭টি স্বশাসিত কলেজ পাবে আর্থিক সহায়তা :

অর্থমন্ত্রী বিধানসভায় জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অসমের ২৭টি কলেজকে স্বশাসিত কলেজের মর্যাদা দিয়েছে। এই কলেজগুলির শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য প্রতিটি কলেজকে ২ কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ দুই কিস্তিতে প্রদান করা হবে।

শিক্ষক কল্যাণে ‘গুরু দক্ষিণা’ প্রকল্প :

শিক্ষকদের কল্যাণের বিষয়ে অর্থমন্ত্রী জানান, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ডিগ্রি কলেজের ১৫ হাজারের বেশি শিক্ষক ‘গুরু দক্ষিণা’ প্রকল্পের অধীনে আবেদন করেছেন। শিক্ষা দফতর আবেদনগুলি যাচাই করে উপযুক্ত আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করবে।

ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকীকরণ চলবে :

অর্থমন্ত্রী জানান, ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রাদেশিকীকরণের জন্য প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে। যোগ্য ভেঞ্চার কলেজগুলির প্রাদেশিকীকরণ প্রক্রিয়া সরকার অব্যাহত রাখবে। এছাড়া শিক্ষকদের প্রাদেশিকীকরণের যোগ্যতার মানদণ্ড আরও বিস্তৃত করতে অসম শিক্ষা (শিক্ষকদের পরিষেবার প্রাদেশিকীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পুনর্গঠন) আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রাদেশিকীকরণের জন্য নির্ধারিত কাট-অফ তারিখ পুনর্বিবেচনা করা হবে এবং আরও বেশি শিক্ষক ও টিউটর এই সুবিধার আওতায় আসতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande