বাজেট : আগস্ট থেকে এনএফএসএভুক্ত পরিবারগুলিকে ভর্তুকির মসুর ডাল ও চিনি
- বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হবে ভর্তুকির পরিমাণ, ভবিষ্যতে ভর্তুকির আওতায় আসতে পারে সরিষার তেলও গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ)-এর আওতাভুক্ত রেশন কার্ডধারী পরিবারগুলিকে আগামী আগস্ট মাস থেকে ভর্তুকিযুক
আসাম বাজেট ২০২৬-২৭


- বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হবে ভর্তুকির পরিমাণ, ভবিষ্যতে ভর্তুকির আওতায় আসতে পারে সরিষার তেলও

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ)-এর আওতাভুক্ত রেশন কার্ডধারী পরিবারগুলিকে আগামী আগস্ট মাস থেকে ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি সরবরাহ করবে অসম সরকার।

আজ শুক্ৰবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া এই ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংকটের দরুন খাদ্যপণ্যের দাম বেড়েছে, বলেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আগামী আগস্ট মাস থেকে এনএফএসএ রেশন কার্ডধারীদের ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি দেওয়া শুরু করবে সরকার। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলির দাম পশ্চিম এশিয়ার সংকটের দরুন বেড়েছে। তাই ভর্তুকির পরিমাণ নির্দিষ্ট থাকবে না, তা বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হবে।

সরকারের প্রস্তাবিত ব্যবস্থায় ভর্তুকির পরিমাণ স্থির না রেখে বাজারমূল্যের ওঠানামার ভিত্তিতে তা নির্ধারণ করা হবে। এর ফলে মূল্যবৃদ্ধির সময় উপভোক্তারা ধারাবাহিকভাবে আর্থিক স্বস্তি পাবেন।

অর্থমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে ভর্তুকিযুক্ত খাদ্যপণ্যের তালিকায় সরিষার তেল অন্তর্ভুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখবে সরকার। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার থাকবে স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলকে উৎসাহ দেওয়া। এর মাধ্যমে একদিকে যেমন রাজ্যের কৃষকরা উপকৃত হবেন, অন্যদিকে রাজ্যের কৃষিভিত্তিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande