দূষণকারী শিল্পের ওপর 'পরিবেশ কর' আরোপের প্রস্তাব বাজেটে
- পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে পাইপলাইন গ্যাসের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত - বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে কর ছাড়, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও কমপ্রেসড বায়ো-গ্যাসে জোর বাজেটে গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহ
আসাম বাজেট ২০২৬-২৭


- পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে পাইপলাইন গ্যাসের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত

- বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে কর ছাড়, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও কমপ্রেসড বায়ো-গ্যাসে জোর বাজেটে

গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে অসম সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে দূষণকারী শিল্প ও কর্মকাণ্ডের ওপর নতুন ‘গ্রিন সেস’ বা 'পরিবেশ কর' আরোপের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) অৰ্থাৎ পাইপলাইন গ্যাসের ওপর ভ্যাট কমানো এবং বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের জন্য কর সুবিধার ঘোষণাও করা হয়েছে।

আজ শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া বলেন, পরিবেশ দূষণে যাঁরা অবদান রাখছেন, পরিবেশ পুনরুদ্ধারের দায়িত্বেও তাঁদের অংশগ্রহণ থাকা উচিত, এই নীতির ভিত্তিতেই ‘গ্রিন সেস’ চালুর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত গ্রিন সেসের আওতায় আসবে চিহ্নিত কয়েকটি দূষণকারী ক্ষেত্র। এর মধ্যে রয়েছে পাথর ভাঙার শিল্প (স্টোন ক্রাশার), কোক-ভিত্তিক শিল্প, ইটভাটা, বাণিজ্যিকভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন, পুরনো গাড়ি হস্তান্তর বা বিক্রয় এবং সরকার ঘোষিত অন্যান্য পরিবেশ সংবেদনশীল কার্যক্রম। তবে বাজেটে এই সেসের হার নির্ধারণ করা হয়নি।

অর্থমন্ত্রী জানান, গ্রিন সেস থেকে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে বনায়ন, দূষণ নিয়ন্ত্রণ, জৈববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, সবুজ জ্বালানি এবং জলসম্পদ ব্যবস্থাপনা সহ পরিবেশ-বান্ধব পরিকাঠামো উন্নয়নে।

পাইপলাইন গ্যাসে ভ্যাট ১৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ :

পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে পাইপড ন্যাচারাল গ্যাসের ওপর ভ্যাট ১৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে বজেটে। অর্থমন্ত্রী বলেন, সাশ্রয়ী মূল্যে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ এবং শহরভিত্তিক গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যেই এই কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, দরং, বাকসা, কোকরাঝাড়, নগাঁও এবং বরাক উপত্যকায় পাইপলাইন ন্যাচারাল গ্যাসের পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। বাজেট নথি অনুযায়ী, অসমে ইতিমধ্যেই ১৩,৫০০টির বেশি গৃহস্থালি পিএনজি সংযোগ দেওয়ার পশাপাশি রাজ্যজুড়ে ৪৬টি সিএনজি স্টেশন স্থাপন করা হয়েছে।

বৈদ্যুতিক গাড়িতে কর সুবিধা :

পরিবেশ-বান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে চলতি অর্থবর্ষে বৈদ্যুতিক গাড়ি কিনলে মোটর ভেহিকেল ট্যাক্সে ৩ শতাংশ ভর্তুকির ঘোষণা করা হয়েছে। এছাড়া পুনর্নবীকরণযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ শুল্ক ছাড়ের সুবিধা আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। এই সুবিধা চলতি ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

কমপ্রেসড বায়ো-গ্যাস উৎপাদনে বিশেষ উদ্যোগ :

পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার প্রসারে অসম সরকার কমপ্রেসড বায়ো-গ্যাস (সিবিজি) উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান অর্থমন্রীি । তিনি বলেন, অয়েল ইন্ডিয়া লিমিটেড গুয়াহাটি, তিনসুকিয়া, শিবসাগর, যোরহাট এবং শিলচরে পাঁচটি সিবিজি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে তিনসুকিয়া প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া বরপেটা জেলার কালগাছিয়ায় সুজুকি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইন্ডিয়া, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং নর্থ ইস্ট ডেয়ারি অ্যান্ড ফুডস লিমিটেডের যৌথ উদ্যোগে একটি নতুন সিবিজি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, অসমের জন্য একটি পৃথক সিবিজি নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগগুলির মাধ্যমে রাজ্যে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কমপ্রেসড বায়ো-গ্যাস উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে রাজ্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande