
কলকাতা, ১০ জুলাই (হি. স.): কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন কর্তৃপক্ষ। সূ্ত্রের খবর, সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত নিল লালবাজার। শুক্রবার দুই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হল।
কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহা ও ডিসি পোর্ট ২ পার্থ প্রতিম দাসকে সাসপেন্ড করা হয়েছে।
লালবাজার সূত্রে খবর, একটি ‘বিতর্কিত’ ভিডিও পোস্ট করেছিলেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট ২ পার্থপ্রতিম দাস। একই অভিযোগ কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহার বিরুদ্ধেও। এরপর এই কড়া পদক্ষেপ নিল লালবাজার।
প্রসঙ্গত, কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে কমিশনার অজয় কুমার নন্দা সম্প্রতি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুলিশ আধিকারিকরা যেন সামাজিক মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকেন। কারণ প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে, তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই কোনও বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে যেন সকলে সচেতন থাকেন।
পুলিশ কমিশনারের নির্দেশের পরই অভ্যন্তরীণ স্তরে পুলিশ কর্তাদের কার্যকলাপের তদন্তও শুরু করে লালবাজার। এরপরই দুই ডিসির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে। এরপরই কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ ও ডিসি পোর্ট ২-এর সাসপেনশনের সিদ্ধান্ত নেয় লালবাজার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত