
কলকাতা, ১০ জুলাই (হি. স.): কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
(ইডি)-র সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করল কালীঘাট তৃণমূল।
অ্যাকাউন্ট ফ্রিজ় সংক্রান্ত বিষয়ে ফের হাই কোর্টে গেল কালীঘাট তৃণমূল। এ বার ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে।
রাজ্য পুলিশের পরে সম্প্রতি ইডিও তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে।
কালীঘাট তৃণমূলের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে তিনি জানান, রাজ্য পুলিশের ‘ফ্রিজ়’ করা তিনটি অ্যাকাউন্ট নিয়ে একটি রক্ষাকবচ দিয়েছে হাই কোর্টের অপর একটি বেঞ্চ। কিন্তু আর্থিক তছরুপের মামলায় ইডির নতুন করে অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়ায় সমস্যা বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চান কিশোর। কালীঘাট তৃণমূলকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাও। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত