কেরলম হাইকোর্টের নির্দেশ, ওয়ায়ানাড় টানেল ধসের ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসা
কোচি, ১০ জুলাই (হি.স.) : ওয়ায়ানাড় টানেল প্রকল্পে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত এক্স-গ্রেশিয়া ক্ষতিপূরণ অবিলম্বে প্রদান এবং আহত শ্রমিকদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। শুক্রবার ব
কেরলম হাইকোর্টের নির্দেশ, ওয়ায়ানাড় টানেল ধসের ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসা


কোচি, ১০ জুলাই (হি.স.) : ওয়ায়ানাড় টানেল প্রকল্পে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত এক্স-গ্রেশিয়া ক্ষতিপূরণ অবিলম্বে প্রদান এবং আহত শ্রমিকদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি এ. কে. জয়শঙ্করন নাম্বিয়ার ও বিচারপতি প্রীতা এ. কে.-র ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

আদালত আরও জানিয়েছে, নিহতদের দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দিতে হবে, যাতে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করতে অযথা বিলম্ব না হয়।

গত ৭ জুলাই ওয়ায়ানাড় ও কোঝিকোড় জেলার সংযোগকারী আনাক্কমপোইল-মেপ্পাড়ি টানেল প্রকল্পে ভূমিধসের ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যু ও আহত হওয়ার পর এই মামলার শুনানি হয়।

রাজ্য সরকারের দাখিল করা স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে আদালত মৃতের সংখ্যা, উদ্ধারকাজের অগ্রগতি এবং নিহতদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে বিস্তারিত তথ্য চায়।

শুনানিতে কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (কেএসডিএমএ) সদস্য-সচিব জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মৃতদের পরিবারের সদস্যদের ঘটনাস্থলে আনা হয়েছে। ময়নাতদন্ত, দেহ সংরক্ষণ (এম্বামিং) এবং নিজ নিজ রাজ্যে বা এলাকায় দেহ পাঠানোর প্রস্তুতিও চলছে।

এই প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, নিহতদের দেহ দ্রুত তাঁদের পরিবারের হাতে তুলে দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, পরিবারের সদস্যদের ধর্মীয় ও সামাজিক আচার সম্পন্ন করতে হবে। তাই দেহ হস্তান্তরে কোনও বিলম্ব করা যাবে না।

আহত শ্রমিকদের চিকিৎসা প্রসঙ্গে কেএসডিএমএ জানায়, বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য এক্স-গ্রেশিয়া আর্থিক সহায়তার ঘোষণা করেছে।

আদালত নির্দেশ দিয়েছে, আহতদের হাসপাতাল থেকে ছাড়া না হওয়া পর্যন্ত তাঁদের বা তাঁদের পরিবারের কাছ থেকে কোনও চিকিৎসা খরচ নেওয়া যাবে না। পাশাপাশি রোগীদের সঙ্গে থাকা স্বজনদেরও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

আদালত আরও জানায়, আপাতত চিকিৎসা, হাসপাতালে ভর্তির ব্যয় এবং এক্স-গ্রেশিয়া ক্ষতিপূরণ রাজ্য সরকার বহন করবে। পরবর্তী পর্যায়ে এই ব্যয় টানেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে আদায় করা হবে কি না, সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে কেএসডিএমএ আদালতকে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ভারী যন্ত্রের সাহায্যে পুনরায় খননকাজ শুরু হয়েছে। তবে কাদা ও অস্থিতিশীল মাটির কারণে উদ্ধারকারী দল হাতে করেও তল্লাশি চালাচ্ছে, যাতে নিখোঁজ শ্রমিকদের দ্রুত খুঁজে পাওয়া যায়।

ওয়ায়ানাড় টানেল ধসের ঘটনায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের ওপর নজরদারি অব্যাহত রেখেছে কেরল হাইকোর্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande