বড়ঞার স্কুলে মিড ডে মিলের খাবার বাইরে পাচারের অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভে ছড়ালো উত্তেজনা
বড়ঞা, ১০ জুলাই (হি. স.): মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি গ্রাম পঞ্চায়েত এলাকার নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার বিতরণকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং একাধিক অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও বহু ছাত্
বড়ঞার স্কুলে মিড ডে মিলের খাবার বাইরে পাচারের অভিযোগ, অভিভাবকদের বিক্ষোভে ছড়ালো উত্তেজনা


বড়ঞা, ১০ জুলাই (হি. স.): মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি গ্রাম পঞ্চায়েত এলাকার নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার বিতরণকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং একাধিক অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও বহু ছাত্র-ছাত্রীকে নির্ধারিত খাবার দেওয়া হয়নি। তাঁদের দাবি, পড়ুয়াদের মধ্যে খাবার বিলি না করে অবশিষ্ট খাবার বালতিতে ভরে অত্যন্ত গোপনে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এই মারাত্মক অভিযোগ সামনে আসতেই স্কুল চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিভাবকদের বক্তব্য, এই বিষয়টি নিয়ে এর আগেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়েও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। সরকারি প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ খাবার যাতে সঠিকভাবে বিতরণ হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা। স্থানীয়দের আরও দাবি, ঘটনার একটি ভিডিওতে দুই মহিলাকে হাতে খাবার ভর্তি বালতি নিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। গ্রামবাসীরা তাঁদের আটকে বিষয়টি জানতে চাইলে তাঁরা কোনও উত্তর না দিয়েই সেখান থেকে তড়িঘড়ি চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ক্রমে বাড়ছে। গ্রামবাসী ও অভিভাবকদের স্পষ্ট দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক। এর পাশাপাশি, মিড ডে মিল প্রকল্পে কোনও অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তাঁরা। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande