জঙ্গলমহলে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে ঝাড়গ্রাম স্টেডিয়াম ও আর্চারি একাডেমি পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী
ঝাড়গ্রাম, ১০ জুলাই (হি. স.) : জঙ্গলমহলে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়াম ও আর্চারি একাডেমি পরিদর্শন করলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্
জঙ্গলমহলে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে ঝাড়গ্রাম স্টেডিয়াম ও আর্চারি একাডেমি পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী


ঝাড়গ্রাম, ১০ জুলাই (হি. স.) : জঙ্গলমহলে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়াম ও আর্চারি একাডেমি পরিদর্শন করলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। পরিদর্শনের সময় তিনি স্টেডিয়াম ও একাডেমির বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জঙ্গলমহলের ছেলে-মেয়েদের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে অসাধারণ প্রতিভা রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণ, আধুনিক পরিকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এই এলাকার খেলোয়াড়রাই ভবিষ্যতে রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন।

তিনি জানান, আর্চারি একাডেমির প্রশিক্ষণরত খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও জানান, ঝাড়গ্রাম স্টেডিয়ামেরও সার্বিক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টেডিয়ামে আধুনিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের পাশাপাশি খেলার মাঠের সংস্কার এবং পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে, যাতে জেলার খেলোয়াড়রা আরও উন্নত পরিবেশে অনুশীলনের সুযোগ পান।

তিনি বলেন, রাজ্য সরকার ক্রীড়ার প্রসার এবং গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জঙ্গলমহলের খেলোয়াড়দের জন্য আগামী দিনে আরও উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা ও আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রীের এই সফরকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্টেডিয়াম ও আর্চারি একাডেমির উন্নয়নের আশ্বাস বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande