
কলকাতা, ১০ জুলাই (হি. স.): এত দিন ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে আসছিলেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এ বার থেকে তিনি ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। অর্থাৎ, কমানো হল কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নিরাপত্তা।
বছর তিন আগে অধীরবাবুর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার দু’মাস পেরোতেই অধীরবাবুর নিরাপত্তা হ্রাসে রাজনীতি দেখছেন ঘনিষ্ঠেরা।
এব্যাপারে অধীরবাবু নিজে বলছেন, তিনি নিরাপত্তা নিয়েই মাথা-ই ঘামান না। কোন ক্যাটেগরির নিরাপত্তা পেলেন না পেলেন না, তা নিয়ে ভাবেন না।
যদিও প্রশাসন এবং রাজনীতিকদের একাংশের ব্যাখ্যা, এটাই স্বাভাবিক। কারণ, অধীর এখন সাংসদ বা বিধায়ক নন। কংগ্রেসেও বড় কোনও পদে নেই। তিনি কেবল কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। সে ক্ষেত্রে নিরাপত্তা কমানোর সিদ্ধান্তকে ‘বিতর্কিত’ বলতে নারাজ তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত