
কলকাতা, ১০ জুলাই (হি. স.): তৃণমূল কংগ্রেসে মুষলপর্বে একাধিক দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরে চেয়ারপার্সনের পাশাপাশি সম্প্রতি তিনি দলের রাজ্য সভাপতি হিসেবেও নিজের নাম ঘোষণা করেছিলেন। এবার তাঁর পালটায় ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরও নিজেদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করল।
শুক্রবার তপসিয়ার এক হোটেলে দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তাঁর নেতৃ্ত্বাধীন আসল তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্রকে বেছে নেওয়া হল। কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। অর্থাৎ হিসেবমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা বিপ্লব মিত্রকে সামনে আনল ঋতপন্থীরা।
তপসিয়ার হোটেলে রাজ্য সভাপতি বেছে নেওয়া থেকে ২১ জুলাই শহিদ দিবস পালন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সেইমতো দীর্ঘক্ষণ বৈঠক সেরে রাত সাড়ে ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানরা। জানান, দলের নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের বর্ষীয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হলেন কসবার বিধায়ক জাভেদ খান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত