
দুর্গাপুর, ১১ জুলাই (হি. স.): গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে যাত্রীদের স্বস্তি দিতে দুর্গাপুর শহরের পাশাপাশি এবার কাঁকসার গ্রামীণ রুটেও চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সরকারি বাস পরিষেবা। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইয়ের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) এই পরিষেবার সূচনা হয়।
শনিবার এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের প্রান্তিকা থেকে বিধাননগর, মুচিপাড়া, রাজবাঁধ, আলাজোড়া, বাবনাবেড়া হয়ে সিলামপুর পর্যন্ত একজোড়া বৈদ্যুতিক শীতাতপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করা হয়। পরিষেবার উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।
এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বাস প্রতিদিন ভোর সাড়ে ৫টায় প্রান্তিকা বাসস্ট্যান্ড থেকে সিটি সেন্টার হয়ে সিলামপুরের উদ্দেশে রওনা দেবে। অপর বাসটি ভোর ৫টা ১৫ মিনিটে সিলামপুর থেকে প্রান্তিকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, “আগামী দিনে কাঁকসার ঐতিহ্যবাহী গড়জঙ্গল, শ্যামারূপা মন্দির এবং দেউল পর্যন্ত এসবিএসটিসির বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে তারাপীঠ ও পুরী জগন্নাথ ধামগামী সরকারি বাস পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হবে।”
এই নতুন পরিষেবা চালু হওয়ায় কাঁকসা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি প্রতিদিনের যাতায়াতকারী যাত্রীরাও উপকৃত হবেন বলে মনে করছে এসবিএসটিসি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা