
ব্যারাকপুর, ১১ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ২০১৯ সালের সাংসদ তহবিলের অর্থে বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানোর কাজের উদ্বোধন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, তৎকালীন রাজ্য সরকার রাজনৈতিক কারণে ওই তহবিলের উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন আটকে রেখেছিল।শনিবার অর্জুন সিং জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে জগদ্দল মেঘনা ঘাট, টিটাগড় কবরস্থান, হালিশহর ফেরিঘাট এবং দত্তপুকুর এলাকায় সোলারচালিত আলোর ব্যবস্থা করা হয়েছে। তাঁর অভিযোগ, ২০১৯ সালে সাংসদ থাকাকালীন তিনি যে উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রস্তাব দিয়েছিলেন, সেগুলি তৎকালীন প্রশাসন বাস্তবায়ন করতে দেয়নি এবং বরাদ্দ অর্থ দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল।তিনি আরও দাবি করেন, বর্তমানে সরকার পরিবর্তনের ফলে সেই অর্থ ব্যবহার করে উন্নয়নের কাজ শুরু হয়েছে। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে বরাদ্দ সরকারি অর্থ যথাসময়ে উন্নয়নমূলক কাজে ব্যয় হওয়া উচিত।তবে অর্জুন সিংয়ের এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর অভিযোগের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়