

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : খাদ্য নিরাপত্তা, গণবণ্টন ব্যবস্থার আরও কার্যকারিতা বৃদ্ধি, জনকল্যাণমূলক প্রকল্পগুলির ফলপ্রসূ বাস্তবায়ন, পরিষেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে আরও দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়া সহ দুই রাজ্যের অভিজ্ঞতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি সম্পর্কে মতবিনিময় করতে আজ শনিবার এখানে রাজ্যের বিভাগীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অসমের মন্ত্রী কৌশিক রায়।
অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী কৌশিক রায় আজ সকালে আগরতলায় এসে ত্রিপুরা সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত বৈঠকে খাদ্য নিরাপত্তা, গণবণ্টন ব্যবস্থার আরও কার্যকারিতা বৃদ্ধি, জনকল্যাণমূলক প্রকল্পগুলির ফলপ্রসূ বাস্তবায়ন, পরিষেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে আরও দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়া-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই রাজ্যের অভিজ্ঞতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি সম্পর্কেও মতবিনিময় করা হয়। আশা প্রকাশ করা হয়েছে, আজকের আলোচনা খাদ্য ও ভোক্তা কল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও সুসংহতভাবে বাস্তবায়নের পাশাপাশি অসম ও ত্রিপুরার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা পালন করবে।
বৈঠক শেষে মন্ত্রী কৌশিক রায় বলেন, আন্তঃরাজ্য সহযোগিতা এবং পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জনকল্যাণমূলক পরিষেবাগুলি আরও উন্নত, স্বচ্ছ এবং কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টা, সুশাসন এবং আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে অন্ত্যোদয়ের লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বৈঠকে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিশ্বরঞ্জন সামল, কমিশনার হেমন্ত ভূঞা, ত্রিপুরা সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতরের প্রধানসচিব শান্তনু এবং অধিকর্তা সুমিত লোধ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস