
উলুবেড়িয়া, ১১ জুলাই (হি. স.):-হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে শনিবার সন্ধ্যায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা-হাওড়া রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে হাত লাগান। আহতদের একে একে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিটিকে সময়মতো দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়