
কলকাতা, ১১ জুলাই (হি. স.) : কলকাতা প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে শনিবার সাংবাদিক সম্মেলন করে রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়ম, জমি কেনাবেচায় দুর্নীতি এবং অনুদানের অর্থ তছরুপের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র চরণ সিং সাপরা দাবি করেন, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত সুপ্রিম কোর্টের একজন কর্মরত বিচারপতির নজরদারিতে হওয়া উচিত।কংগ্রেসের অভিযোগ, রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদানের অর্থ ব্যবহারে একাধিক অনিয়ম হয়েছে। জমি কেনাবেচায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নির্মাণকাজে কমিশন নেওয়ার অভিযোগ, ভিআইপি পাস বণ্টনে অনিয়ম এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত হয়নি বলেও দাবি করে দল।সাংবাদিক সম্মেলনে কংগ্রেস আরও দাবি করে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-র তদন্তে কেবল নিচুতলার কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অথচ প্রভাবশালী ব্যক্তিদের নাম এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়নি। অভিযোগে উঠে আসা সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, ধৃতদের নার্কো পরীক্ষা এবং অর্থের গতিপথ খতিয়ে দেখার দাবিও জানানো হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈতিক দায় রয়েছে বলেও দাবি করে কংগ্রেস। পাশাপাশি বর্তমান রাম মন্দির ট্রাস্ট ভেঙে দিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আনার আহ্বান জানায় দল। তবে কংগ্রেসের এই অভিযোগগুলির বিষয়ে রাম মন্দির ট্রাস্ট বা সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়