
মালদা, ১১ জুলাই (হি. স.) : বাংলাদেশ সীমান্ত ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ও অশালীন ভাষায় আক্রমণ করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে মালদার চাঁচল থানার মোবারকপুর এলাকার এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মুসু ইয়াসমিন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।বিজেপির অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে জাতীয়তাবাদ ও হিন্দুত্ববিরোধী বক্তব্য-সম্বলিত ভিডিও প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ ভিডিওতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত করে তদন্তের দাবি জানিয়েছে দল।অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় চাঁচল থানার বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে অন্য কোনও সংগঠিত বা দেশবিরোধী শক্তির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক। তবে অভিযুক্ত বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়