
হাওড়া, ১১ জুলাই (হি. স.) : হাওড়া জেলার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো কুমির পুজো শনিবার ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল। জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে নির্দিষ্ট তিথি অনুযায়ী গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া—এই দুই গ্রামের উদ্যোগে বাবা ধর্মরাজের পুজোর অংশ হিসেবে কুমির পুজোর আয়োজন করা হয়। প্রাচীন এই ধর্মীয় আচারকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, একসময় স্বয়ং দেবতা কুমিরের রূপ ধারণ করে গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই বিশ্বাস থেকেই কুমির পুজোর প্রচলন হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য আজও অটুট রয়েছে। পুজো উপলক্ষে সন্ন্যাসী, পুরোহিত এবং অসংখ্য ভক্তের সমাগম হয়। প্রাচীন আচার-অনুষ্ঠান মেনে পুজো সম্পন্ন করা হয়। এই পুজোর অন্যতম প্রধান উপকরণ হল আতপ চাল, বেলপাতা এবং পাতা-সহ পেয়ারা। এসব উপকরণ দিয়ে বিশেষ রীতিতে কুমিরের প্রতীকী আরাধনা করা হয়। স্থানীয়দের বিশ্বাস, এই পুজোর মাধ্যমে গ্রামবাসীর মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এলাকার লোকসংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আজও সমানভাবে গুরুত্ব বহন করে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়