
উত্তরকাশী, ১১ জুলাই (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় যমুনেত্রী যাওয়ার পথে স্যানাচট্টির কাছে শনিবার ভারী ধস নামায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বহু তীর্থযাত্রী মাঝপথে আটকে পড়েন। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে নিরাপদে রাস্তা পার করায়।
এসডিআরএফ সূত্রে জানা গিয়েছে, রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল বিকল্প পথে দড়ি বেঁধে একটি নিরাপদ পথ তৈরি করে। এরপর উদ্ধারকারী বাহিনীর সদস্যরা একে একে প্রায় ১০০ জন যাত্রীকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে পৌঁছে দেন। উদ্ধার অভিযানে বড়কোট এসডিআরএফ পোস্টের প্রধান আরক্ষী দুর্গেশ রাঠৌড়ের নেতৃত্বে একটি দল এবং জানকিচট্টি এসডিআরএফ পোস্টের প্রধান আরক্ষী রাজেশ কুমারের নেতৃত্বে আরেকটি দল অংশ নেয়। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই দল সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। এসডিআরএফ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর উদ্ধার ও ত্রাণ পরিষেবা পৌঁছে দিতে বাহিনী সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য