
মালদা, ১১ জুলাই (হি. স.) :রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে পুষ্টিকর খাবারের ওপর জোর দেওয়ার পাশাপাশি মালদার একটি প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম। ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের।শনিবার বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আমের মরশুমজুড়ে প্রতিদিন মিড ডে মিলে ভাত, ডাল ও তরকারির সঙ্গে পড়ুয়াদের হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়াসহ বিভিন্ন প্রজাতির আম পরিবেশন করা হচ্ছে। স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় অনেক সময় আম সংগ্রহ করা হয়, আবার প্রয়োজনে শিক্ষকরা নিজেরাও আম কিনে আনেন।বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল জানান, আগে বিশেষ দিনে আম খাওয়ানো হলেও গত তিন বছর ধরে নিয়মিতভাবে ‘আম উৎসব’-এর আয়োজন করা হচ্ছে। আমের মরশুম যতদিন থাকবে, ততদিন এই উদ্যোগ চলবে।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী অদ্রিজা মণ্ডল জানায়, প্রতিদিন মিড ডে মিলে আম খেতে পেয়ে তারা খুব আনন্দিত। এতে স্কুলে আসার আগ্রহও বেড়েছে।বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১২৫ জন পড়ুয়া রয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, পড়ুয়াদের বিদ্যালয়মুখী করা এবং আনন্দের সঙ্গে পড়াশোনার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়