
ভোপাল, ১১ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে। আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। শনিবার রাজধানী ভোপাল, ইন্দোর, উজ্জ্বয়িনী, জব্বলপুর এবং গোয়ালিয়র সহ রাজ্যের সমস্ত ৫৫টি জেলায় বজ্রবিদ্দুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত শক্তিশালী বাতাসও বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ১১, ১২ এবং ১৩ জুলাই বেশিরভাগ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৪ জুলাই থেকে কিছু জেলায় আবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পাকিস্তানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হচ্ছে। এর ফলে, আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়বে বলে আশা করা হচ্ছে, যার ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের মতে, জুন মাস জুড়ে রাজ্যে একাধিক ঝড় ও বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মাসের শেষে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম ছিল। তবে জুলাই মাসের প্রথম নয় দিনের ভালো বৃষ্টি এই ঘাটতি পূরণ করেছে এবং এখন রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে মোট ২৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে। যেখানে স্বাভাবিক গড় বৃষ্টিপাত ২২২.১ মিমি। এর মানে হল, রাজ্যে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে স্বাভাবিকের চেয়ে ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে ২৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন