ট্রেনে টিকিটবিহীন যাত্রা রোধ করতে ব্যাপক চেকিং অভিযান এনএফ রেলের
গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৬-এর জুন মাসে টিকিট পরীক্ষার কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। এটি স্বচ্ছ টিকিট ব্যবস্থা নিশ্চিত করা, টিকিটবিহীন যাত্রা রোধ করা এবং প্রকৃত যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের পরিবেশ প্র
ব্যাপক টিকিট চেকিং অভিযান


গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৬-এর জুন মাসে টিকিট পরীক্ষার কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। এটি স্বচ্ছ টিকিট ব্যবস্থা নিশ্চিত করা, টিকিটবিহীন যাত্রা রোধ করা এবং প্রকৃত যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের পরিবেশ প্রদানের ক্ষেত্রে তাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। এই জোনের বিভিন্ন স্টেশন ও ট্রেনে টিকিট পরীক্ষার ব্যাপক অভিযানের ফলে এই মাসে ১,১৪,৬৩৩ জন যাত্রীকে টিকিট বিহীন বা অনিয়মিত টিকিট সহ ভ্রমণ করতে দেখা গেছে, যেখানে ২০২৫-এর জুন মাসে এমন যাত্রীর সংখ্যা ৯১,৭১৭ ছিল, যা এই সংখ্যায় প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানান, ধারাবাহিক ও কঠোর প্রচেষ্টার ফলে ২০২৬-এর জুন মাসে ভাড়া ও অতিরিক্ত চার্জ বাবদ ১৪.৪৪ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের একই মাসে এই সংগ্রহের পরিমাণ ৯.১০ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এবং রাজস্ব আদায়ে প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি অর্জিত হয়েছে। মোট শনাক্ত যাত্রীদের মধ্যে ৮১,৭৪৪ জন টিকিট বিহীন অবস্থায় ভ্রমণ করছিলেন, যার ফলে ভাড়া ও অতিরিক্ত চার্জ বাবদ ১১.৮৫ কোটি টাকা আদায় হয়েছে এবং ৩২,৮৮৯ জনকে অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণ করতে দেখা গেছে, যা থেকে ২.৫৯ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

এছাড়াও, এই মাসে জরিমানা-বহির্ভূত বিভিন্ন বিষয় থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৪৬.৮৪ লক্ষ টাকা আদায় করেছে। পাশাপাশি, রেলওয়ের লাগেজ বুকিং সংক্রান্ত নিয়মাবলী যথাযথভাবে মেনে চলা নিশ্চিত করার মাধ্যমে লাগেজ চেকিং কার্যক্রমও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জুন ২০২৫-এ পরিচালিত ৩৪৯টি অভিযানের তুলনায়, এ মাসে সমগ্র জোন জুড়ে ৩৭৭টি সুগম টিকিট-পরীক্ষা অভিযান পরিচালনার মাধ্যমে এই সাফল্যকে সহায়তা করা হয়েছে। টিকিট চেকিং কর্মীরা ৩,২৮৯টি ট্রেনে তল্লাশি চালিয়েছেন, যা গত বছরের একই সময়ে ২,২১৭টি ট্রেনে তল্লাশি চালানোর তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এর মাধ্যমে সর্তকতা ও রাজস্ব সুরক্ষার ওপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বর্ধিত গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের সামগ্রিক কর্ম প্রদর্শনও আশাব্যঞ্জক ছিল। ২০২৬-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৩,৩৫,০৪০টি টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণের ঘটনা শনাক্ত করেছে এবং ভাড়া ও অতিরিক্ত চার্জ বাবদ ৩৯.৫৬ কোটি টাকা আদায় করেছে, যেখানে ২০২৫-২৬-এর একই সময়ে এই সংখ্যার পরিমাণ ছিল ২,৩৭,২৫৬টি এবং আয় ছিল ২২.৭৮ কোটি টাকা। এই সময়ে জরিমানা-বহির্ভূত বিভিন্ন ঘটনার মাধ্যমেও রেলওয়ে ১.৪২ কোটি টাকা আদায় করেছে, যা তাদের টিকিট পরীক্ষার পদক্ষেপগুলোর ধারাবাহিক কার্যকারিতাকে তুলে ধরে।

এই সাফল্যগুলো উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কমার্শিয়াল ডিপার্টমেন্ট, টিকিট পরীক্ষককর্মী এবং মাঠপর্যায়ের কর্তৃপক্ষদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টাকে তুলে ধরে। তাঁরা টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণ নিরুৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত আকস্মিক পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande