
নাহান, ১১ জুলাই (হি.স.) : পড়ুয়াদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের দাবিতে শীঘ্রই ‘ছাত্র গুঞ্জন’ কর্মসূচি শুরু করতে চলেছে এনএসইউআই। এই কর্মসূচির আওতায় হিমাচল প্রদেশের সিরমৌর জেলার প্রতিটি কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবে সংগঠন।
শনিবার নাহানে সাংবাদিক বৈঠকে এনএসইউআই সিরমৌর জেলা সভাপতি মন্দীপ ঠাকুর জানান, জাতীয় স্তরে এনএসইউআই এই কর্মসূচি শুরু করেছে। এর উদ্দেশ্য, ছাত্রছাত্রীদের সমস্যাগুলি সরকার ও প্রশাসনের সামনে তুলে ধরা। সেই কর্মসূচির অংশ হিসেবেই এবার সিরমৌর জেলায় অভিযান চালানো হবে।
তিনি জানান, প্রতিটি কলেজে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, পরিকাঠামোর অভাব, গ্রন্থাগার, পরীক্ষাগার, শৌচাগার ও ছাত্রাবাসের সমস্যা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ফি বৃদ্ধি, বৃত্তি প্রদানে বিলম্ব এবং ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
মন্দীপ ঠাকুর বলেন, কলেজগুলিতে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ ও পরামর্শ সংগ্রহ করা হবে। পরে সেই সমস্ত দাবি-দাওয়া নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে এনএসইউআই আন্দোলনের পথেও হাঁটবে বলে তিনি জানান। তিনি জেলার সমস্ত ছাত্রছাত্রীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের সমস্যার কথা তুলে ধরার আহ্বান জানান, যাতে ছাত্রবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য