
কৃষ্ণনগর, ১১ জুলাই (হি. স.) : বাংলা ভাষার দুই প্রখ্যাত কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং আল মাহমুদ। শনিবার ১১ জুলাই প্রথম জনের প্রয়াণ দিবস এবং দ্বিতীয় জনের জন্মবার্ষিকী। এই দুই মহান কবির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাতে কৃষ্ণনগরের অনতিদূরে নগেন্দ্রনগরে ‘কথাশিল্প’ একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
উল্লেখ্য, ১৯৩৬ খ্রিস্টাব্দের আজকের দিনটিতেই (১১ জুলাই) বাংলাদেশে জন্মগ্রহণ করেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় কবি আল মাহমুদ। কবিতা ছাড়াও গল্প, উপন্যাস ও প্রবন্ধ সাহিত্যে তাঁর খ্যাতি সুবিদিত। অন্যদিকে, ১৯৮৫ খ্রিস্টাব্দের আজকের দিনেই (১১ জুলাই) ইহলোক ত্যাগ করেন মানবতার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর লেখনীতে তিনি আজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন।
অনুষ্ঠানে দুই কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রাবন্ধিক পীতম ভট্টাচার্য। প্রতিবারের মতো এবারও ‘কথাশিল্প’-এর ছাত্র-ছাত্রীরা দুই কবির কবিতা পাঠ এবং আবৃত্তি আসরের আয়োজন করেছিল।
প্রসঙ্গত, ‘কথাশিল্প’ নিয়মিতভাবেই আমাদের অগ্রজ লেখক, শিল্পী ও সাহিত্যিকদের জন্ম ও প্রয়াণ দিবসে প্রথাগতভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করে আসছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত