
ঝাড়গ্রাম, ১১ জুলাই (হি.স.) : সাঁকরাইলের বহুল আলোচিত বাকড়া জমি জালিয়াতি কাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তে যাঁদের নাম সামনে আসবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত চাষিরা তাঁদের জমি ফিরে পাবেন বলেও আশ্বাস দিলেন ঝাড়গ্রামের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
শনিবার ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বাকড়া এলাকায় প্রায় ১২৫টি পরিবারের প্রায় ৪০০ বিঘা জমি জালিয়াতির মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত-সহ মোট নয় জনকে গ্রেফতার করে। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। পরবর্তীতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
তবে তদন্ত সিআইডির হাতে যাওয়ার পর নতুন করে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত চাষিদের একাংশ। তাঁদের অভিযোগ, এত বড় জমি জালিয়াতির সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন। অথচ তাঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই প্রসঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বাকড়া জমি কাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না। তদন্তে যাঁদের নাম উঠে আসবে, প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত চাষিদের আশ্বস্ত করছি, তাঁরা তাঁদের জমি অবশ্যই ফিরে পাবেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো