
নবদ্বীপ, ১১ জুলাই (হি. স.): নদিয়ার নবদ্বীপ শহরের বাগচিপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাতভর টানা বৃষ্টির জেরে একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ায় শনিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভেঙে পড়া অংশের ইট ও ধ্বংসাবশেষ রাস্তার উপর ছড়িয়ে পড়ায় ওই পথে যান ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নবদ্বীপ ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।বাড়ির মালিক জানান, টানা বৃষ্টির কারণে দীর্ঘদিনের জরাজীর্ণ অংশটি আচমকাই ভেঙে পড়ে। তবে যে অংশটি ধসে পড়েছে সেখানে কেউ বসবাস করতেন না। ফলে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।পরিবারের সদস্যরা জানান, বিষয়টি ইতিমধ্যেই নবদ্বীপ পৌরসভাকে জানানো হয়েছে। তবে রাস্তার উপর ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। তাই পৌরসভার কর্মীদের জন্য অপেক্ষা না করে নিজেদের উদ্যোগেই শ্রমিক নিয়োগ করে ধ্বংসাবশেষ সরানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির ধসে পড়া অংশটি বহু বছরের পুরোনো এবং দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। টানা বর্ষণের জেরে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়ায় শেষ পর্যন্ত এই ধসের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়