ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল জেলা কমিটি ঘোষণা: বীরভূমের দায়িত্বে অনুব্রত মণ্ডল, রাজ্য কমিটিতে শান্তনু সেন
কলকাতা, ১১ জুলাই (হি.স.): শনিবার সাংগঠনিক পরিধি আরও বাড়িয়ে জেলা সভাপতি এবং মুখাপাত্রদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। তবে এই তালিকার সবচেয়ে বড় রাজনৈতিক চমক ও বার্তা এসেছে বীরভূম থেকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ে
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১১ জুলাই (হি.স.): শনিবার সাংগঠনিক পরিধি আরও বাড়িয়ে জেলা সভাপতি এবং মুখাপাত্রদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। তবে এই তালিকার সবচেয়ে বড় রাজনৈতিক চমক ও বার্তা এসেছে বীরভূম থেকে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা সভাপতির গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার সময় অনুব্রত মণ্ডল বীরভূমেই উপস্থিত ছিলেন। নতুন এই তালিকা অনুযায়ী, রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। ঋতব্রত গোষ্ঠীর সংগঠন বিস্তারের ক্ষেত্রে এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ঘোষিত তালিকা অনুযায়ী বিভিন্ন জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। হাওড়ার দায়িত্ব পেয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ (রাজা) সেন, পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, ঘাটালে সঞ্জয়, বাঁকুড়ায় রথীন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমানে রবীন্দনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানে নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরভূমে অনুব্রত মণ্ডল, ডায়মন্ড হারবারে শুভাশিস দাস, সুন্দরবনে গণেশ মণ্ডল, উত্তর কলকাতায় সন্দীপন সাহা, দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার এবং হাওড়া সদরের দায়িত্ব দেওয়া হয়েছে সৃষ্টিধর ঘোষকে।

একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মুখপাত্রদের নামও ঘোষণা করা হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে প্রধান মুখপাত্র। এছাড়া মুখপাত্রের দায়িত্ব সামলাবেন স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, শান্তনু সেন, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার, সন্দীপন সাহা এবং অপূর্ব সরকার (ডেভিড)।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় বিতর্ক তৈরি হয়েছিল। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে বৈঠকে নির্মল ঘোষকে নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি, তিনি কেবল একজন উপস্থিত সদস্য হিসেবে বৈঠকে এসেছিলেন। অন্যদিকে, বীরভূম জেলা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর অনুব্রত মণ্ডল প্রতিক্রিয়া দিয়ে জানান, জেলা সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে, এটা ভালো কথা। এর মধ্যে খারাপের কিছু নেই। তবে তাঁর শরীর এখন অত্যন্ত অসুস্থ, তাই এর চেয়ে বেশি কিছু তিনি বলতে পারবেন না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande