
পাথারকান্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জ এলাকার পশ্চিম মেন্দিবাড়ির মোরাদপুর সংলগ্ন লঙ্গাই নদী থেকে একটি নম্বর বিহীন রয়্যাল এনফিল্ড মোটরবাইক উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে।
আজ শনিবার দুপুরের দিকে স্থানীয় মানুষ নদীতে একটি বাইক ভাসছে দেখে তা উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। খবর দেওয়া হয় পাথারকান্দি পুলিশ থানায়। খবর পেয়ে পুলিশের এক দল এসে রহস্যজনক নম্বর বিহীন রয়্যাল এনফিল্ড মোটরবাইকটি নিজেদের জিম্মায় নিয়েছে।
এ সম্পর্কে ওসি বিশ্বজ্যোতি দেউরি জানান, প্রাথমিক তদন্তে বাইকটি পড়শী রাজ্য মিজোরামের বলে কিছুটা তথ্য পাওয়া গেছে। তবে বাইকটি দুর্ঘটনাজনিত কারণে, না-কি চুরি করে নদীতে ফেলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে, জানান ওসি বিশ্বজ্যোতি দেউরি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস