
কলকাতা, ১১ জুলাই (হি. স.):-সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ফের রাজনৈতিক ময়দানে ফিরলেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেও কখনও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা বলেননি।স্নেহাশিস চক্রবর্তী বলেন, বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে হিংসা, কুৎসা ও ব্যক্তিগত আক্রমণের পরিবেশ তাঁকে হতাশ করেছিল। নির্বাচনে পরাজয়ের পর সেই কারণেই সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন। তবে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ায় তিনি আবার সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসে কোনও বিভাজন নেই এবং সকলেই একই দলের সদস্য। দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব আলোচনার ভিত্তিতে সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।একইসঙ্গে তিনি বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দলের কাজ শুধু সরকারের সমালোচনা করা নয়। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের প্রশংসাও করা উচিত। তাঁর কথায়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়