
গুয়াহাটি, ১১ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতারের জন্য আসাম পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দুটি ছবি সহ এক পোস্টে মুখ্যমন্ত্রী রাজ্যের চলমান মাদকবিরোধী অভিযানে শ্রীভূমি পুলিশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি লিখেখেন, ‘ব্রেকিং ব্যাড? নট ইন আসাম।’ এর পর তিনি বলেন, ‘প্রায় ১ কোটি টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করার জন্য শ্রীভূমি পুলিশকে অভিনন্দন।’
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী রসিকতার সুরে আরও লিখেছেন, ‘আসাম পুলিশ নিশ্চিত করছে, মাদক পাচারকারীরা যেন আর কোনও সিক্যুয়েল বানাতে না পারে।’
পোস্টের শেষে তিনি ‘আসাম অ্যাগেনস্ট ড্রাগস’ হ্যাশট্যাগ ব্যবহার করে মাদক পাচারচক্রের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অবস্থানের কথা ফের ব্যক্ত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস